Blog

  • উত্তরের চার জেলায় এক বছরে তামাক চাষ বেড়েছে ৪৪ শতাংশ

    উত্তরের চার জেলায় এক বছরে তামাক চাষ বেড়েছে ৪৪ শতাংশ

    দেশে মূলত উত্তরের চারটি জেলায় তামাক চাষ হয়। জেলাগুলো হলো লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও গাইবান্ধা। সংশ্লিষ্টরা বলছেন, তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলো বিনামূল্যে বীজ, সার, কীটনাশক সরবরাহ করায় তামাক চাষ বেড়েই চলেছে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রংপুর অঞ্চলের উৎপাদিত তামাকের ৬০ শতাংশ আসে লালমনিরহাট থেকে। এর পরই রয়েছে রংপুর। এই জেলা থেকে আসে ২০ শতাংশ তামাক। নীলফামারীতে ১৫ শতাংশ আর ৫ শতাংশ গাইবান্ধায়। দেশি-বিদেশি কয়েকটি তামাক কোম্পানি এখানে রীতিমতো তামাকের বাণিজ্য অঞ্চল গড়ে তুলেছে।

    লালমনিরহাটের আদিতমারী উপজেলাকে বলা হয় ‘তামাকের রাজধানী’। উপজেলার টিপারবাজার গ্রামের কৃষক সেজাব আলী গত বছর চার বিঘা জমিতে তামাক চাষ করেছিলেন। তার খরচ হয়েছিল ৮৬ হাজার টাকা। ওই জমিতে উৎপাদিত ৩৩ মণ তামাক বিক্রি করেছেন ২ লাখ ৭৭ হাজার টাকায়। বাড়তি লাভের আশায় এবার সাত বিঘা জমিতে তামাক চাষ করেছেন তিনি।

    সেজাব আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ বছর তামাকের দাম আরও বাড়বে। কোম্পানির লোকজন এসে তামাক কিনে নিয়ে যায়। তামাকের বাজারদর নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। এ বছর তামাক দিয়ে মাঠ ভরে গেছে।’

    রংপুর সদর উপজেলার মমিনপুর গ্রামের কৃষক আব্দুল কাদের (৭০) দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি গত ৩৯ বছর ধরে তামাক চাষ করছেন। তবে এ বছরের মতো ব্যাপক জমিতে তামাক চাষ আগে কখনো দেখেননি।

    তিনি আরও বলেন, ‘এ বছর অনেক কৃষক নতুনভাবে তামাক চাষ করেছেন। তামাক কোম্পানি থেকেই বীজ, সার, কীটনাশক ও সুদমুক্ত ঋণ দেওয়া হয়। গেল বছর তামাকের বাজারদর বেশি ছিল। তাই এ বছর কৃষকরা তামাক চাষে আরও বেশি ঝুঁকেছেন।’

    লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই গ্রমের কৃষক প্রবির চন্দ্র বর্মণ (৬৫) বলেন, ‘তামাক জমির উর্বরতা নষ্ট করে। এটি মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। এর পরও কৃষকরা তামাক চাষে বেশি আগ্রহী। কারণ, অন্য ফসলের তুলনায় তামাকে লাভ বেশি।’

    ‘তামাক কোম্পানিগুলো যেভাবে কৃষকদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে তাতে আগামীতে তামাকের চাষ আরও বাড়বে,’ বলেন তিনি।

    অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের সদস্য খোরশেদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কৃষি বিভাগের দেওয়া তথ্যের চেয়ে দ্বিগুণ জমিতে তামাক চাষ হচ্ছে। তামাক কোম্পানিগুলো অনিয়ন্ত্রিত হওয়ায় তামাকের চাষ বেড়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। তামাক কোম্পানিগুলোর অবাধ কার্যক্রমে লাগাম টানতে হবে। কোম্পানি থেকে সহযোগিতা দেওয়া বন্ধ হলে কৃষকরা তামাক চাষে নিরুৎসাহিত হবেন। এজন্য সরকারের শক্ত পদক্ষেপ দরকার।’

    লালমনিরহাটের আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কৃষকদের কোনোভাবেই তামাক চাষ থেকে বিরত রাখা যাচ্ছে না। এর জন্য তামাক কোম্পানিগুলো দায়ী। জমির উর্বরতা নষ্ট করছে তামাক। খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে।’

    রংপুর অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন বলেন, এই অঞ্চলে তামাক চাষ বেড়ে যাওয়া নিয়ে তারাও চিন্তিত। সরকারিভাবে তামাক চাষ নিষিদ্ধ না হওয়ায় কৃষি বিভাগ শক্ত পদক্ষেপ নিতে পারছে না। উন্নত দেশগুলো তামাক চাষ বন্ধ করায় বাংলাদেশে এটা বেড়ে গেছে। তামাক কোম্পানিগুলো রংপুর অঞ্চলে আস্তানা গেড়েছে।

    তিনি আরও বলেন, ‘কৃষকের কাছে তামাক অর্থকরী ফসল হলেও এটি মাটি, পরিবেশ ও মানব-স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাক চাষ নিয়ন্ত্রণ করা না গেলে এটি কৃষির জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে।’

    লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, তামাক চাষ নিয়ন্ত্রণ করতে কৃষি বিভাগের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • বসন্তবরণে প্রাণের ছোঁয়া

    বসন্তবরণে প্রাণের ছোঁয়া

    শীতের কাঁপনে নির্জীব প্রকৃতিতে আগমনী সুর নিয়ে আসছে বসন্ত উৎসব। দখিনা বাতাস, নাতিশীতোষ্ণ আবহাওয়ায় দরজায় কড়া নাড়ছে বসন্ত। বসন্তকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
    এদিকে আগামীকাল ঋতুরাজ বসন্ত বরণের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পহেলা ফাল্গুন বসন্তবরণ উৎসব। ২২৫ জন নৃত্যশিল্পীর পরিবেশনার মধ্য দিয়ে বসন্তবরণের আয়োজন করেছে একাডেমি। রাজধানী রমনায় বিকাল সাড়ে তিনটায় শতায়ু অঙ্গনের পাশে মঞ্চে পরিবেশিত হবে শিশু-নৃত্যদল এবং শিশু সঙ্গীত দলের এই পরিবেশনা।
    অনুষ্ঠানের অংশ হিসেবে বিকাল সাড়ে ৪টায় বসন্তের রঙিন শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি রমনা পার্ক থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সমবেত হবে। বিকাল সাড়ে ৫টায় একাডেমির উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
    শিল্পকলার বসন্তবরণের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। স্বাগত বক্তৃতা করবেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
    উন্মুক্ত মঞ্চের এ আয়োজনে শুরুতেই পরিবেশিত হবে দলীয় ‘ঢাক নৃত্য’। পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যদল পরিবেশন করবে দলীয় নৃত্য ‘শুভেচ্ছা ও ভালোবাসা’। এরপর দলীয় সংগীত ‘আনন্দ লোকে’ পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু সংগীত দল। দ্বৈত আবৃত্তি ‘রুমঝুম কে বাজায়’ পরিবেশন করবেন ডালিয়া আহমেদ ও জয়ন্ত চট্টোপাধ্যায়। একক সংগীত ‘যেথা রামধনু উঠে হেসে’ পরিবেশন করবেন মেহরিন মাহমুদ।
    এরপর দ্বৈত সংগীত পরিবেশন করবেন নওশিন তাবাসসুম স্মরণ এবং মোমিন বিশ্বাস। ধারাবাহিক পরিবেশনায় দলীয় নৃত্য ‘সুন্দরের অতন্দ্র প্রহরী’ পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্য দল। এরপর দ্বৈত নৃত্য ‘আজি দক্ষিণ পবনে’ পরিবেশন করবে আবু নাইম এবং আনন্দিতা খান। দ্বৈত সংগীত পরিবেশন করবেন শারমিন সাথী ইসলাম এবং বুলবুল ইসলাম। এরপর আবার দলীয় সংগীত ‘মন শুধু মন ছুয়েছে’ পরিবেশন করবে ঢাকা সাংস্কৃতিক দল। দ্বৈত আবৃত্তি করবেন তামান্না তিথি ও মাহিদূল ইসলাম। দলীয় নৃত্য ‘বসন্ত মুখর আজি’/‘নীল দিগন্তে’ পরিবেশন করবে রেওয়াজ পারফর্মার্স স্কুল। নৃত্য পরিচালনা করেছেন মুনমুন আহমেদ। দ্বৈত নৃত্য ‘বিশ্ববীণা রবে/আজ সখি’ পরিবেশন করবেন সামিনা হোসেন এবং মাহতাব মেহেদী। এরপর একক সংগীত ‘চেনা চেনা লাগে’ পরিবেশন করবেন মো: ইউসুফ আহমেদ খান। দ্বৈত সংগীত পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায় এবং চন্দনা মজুমদার। দ্বৈত নৃত্য ‘ফাগুন লেগেছে শাখে শাখে’ পরিবেশন করবেন জুয়েইরিয়াহ মৌলি এবং মারিয়া ফারিহ উপমা। এরপর দলীয় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী নৃত্য পরিবেশন করবে তপস্যা নৃত্যদল। পরিচালনা করেছেন নৃত্য পরিচালক- ফিফা চাকমা। এরপর দ্বৈত আবৃত্তি করবেন শিমুল মোস্তফা এবং রূপা চক্রবর্তী। দ্বৈত নৃত্য ‘একটুকু ছোঁয়া লাগে’ পরিবেশন করবেন অনিক বোস এবং কস্তুরী মুখার্জী। এরপর দলীয় নৃত্য ‘অবাক চোখে’ পরিবেশন করবে কত্থক নৃত্য সম্প্রদায়। নৃত্য পরিচালনা করেছেন নৃত্য পরিচালক সাজু আহমেদ। পরে, পরিবেশিত হবে দ্বৈত নৃত্য ‘বাগিচায় বুলবুলি’, পরিবেশন করবেন আরোহী ইসলাম (আরিফুল ইসলাম অর্ণব) এবং হেনা হোসেন। সবশেষ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদলের অংশগ্রহণে পরিবেশিত হবে ফ্যাশন ডান্স প্যারেড।
    এদিকে ঢাকা রির্পোটার্স ইউনিটি (ডিআরইউ) এবছর বসন্তবরণ উৎসব ও ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষে ‘ভালোবাসার দিনে বসন্ত উৎসব’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১২টায় ডিআরইউ বাগানে বাউল গানের আসর অনুষ্ঠিত হবে। ফকির লালন সাঁই, বাউলসাধক শাহ আব্দুল করিমসহ বাংলার লোককবিদের বাউল গান শোনাবেন শিল্পকলা একাডেমির বাউলদল।

  • যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা কম: জেলেনস্কি

    যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা কম: জেলেনস্কি

    রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার’ শীর্ষক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন।

    জেলেনস্কির সাক্ষাৎকারের একটি ছোট অংশ গতকাল শুক্রবার প্রকাশ করা হয়েছে। পুরো অনুষ্ঠান আগামীকাল রোববার সম্প্রচার করা হবে।

    মার্কিন সহায়তা পাওয়া না–পাওয়ার পরিণতি সম্পর্কে বলতে গিয়ে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘সম্ভবত এটি খুব, খুব ও খুব কঠিন হতে পারে। অবশ্যই প্রতিটি কঠিন পরিস্থিতি একটি সুযোগ এনে দেয়। কিন্তু আমাদের সে সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকার সম্ভাবনা বেশ কম।’

    জেলেনস্কি এমন এক সময় এ কথা বললেন, যখন (এ সপ্তাহের শুরুতে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে তাঁর ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প অবিলম্বে ইউক্রেন যুদ্ধের অবসান চান। এ লক্ষ্যে শুরু করতে চান কূটনৈতিক আলোচনা।

    এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের ওপর আলোকপাত করেন দুই নেতা।

  • সাদুল্লাপুরের ধাপেরহাটে দূর্বৃত্তের হামলায় নিহত ১, মহাসড়ক অবরোধ

    সাদুল্লাপুরের ধাপেরহাটে দূর্বৃত্তের হামলায় নিহত ১, মহাসড়ক অবরোধ

    সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় আব্দুল্লাহ আল মামুন মণ্ডল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

    বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত আব্দুল্লাহ আল মামুন মণ্ডল উপজেলার খামারপাড়া গ্রামের বাসিন্দা মান্না মণ্ডলের দ্বিতীয় পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

    তার মরদেহ ধাপেরহাটে পৌঁছালে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

    নিহত আব্দুল্লাহ আল মামুন মণ্ডল একসময় বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তবে পরিবারের দাবি, তিনি গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন না। ক্রিকেটের প্রতি তার গভীর আগ্রহ ছিল, তিনি বিপিএলে সিলেট দলের নেট ফাস্ট বোলার হিসেবেও খেলেছেন। বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকায় রাজনীতি থেকে দূরে ছিলেন। ঘটনার একদিন আগে, ১২ ফেব্রুয়ারি, তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরেছিলেন।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত জাতীয় মহাসড়ক অবরুদ্ধ রয়েছে। এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি।

  • শুঁটকি মাছে স্বাবলম্বী হচ্ছেন টেকনাফের বাসিন্দারা

    আধুনিক সুযোগ-সুবিধা তেমন পৌঁছায়নি। বড় বড় কলকারখানাও নেই। তারপরও থেমে নেই কক্সবাজারের টেকনাফের উপকূলীয় এলাকার মানুষের জীবনযুদ্ধ। তারা সামুদ্রিক মাছ সংগ্রহ করে শুঁটকি বানিয়ে জীবিকা নির্বাহ করেন। এতে স্বাবলম্বীও হচ্ছেন। পরিবারের খরচ জোগাচ্ছেন। এ কাজে পুরুষদের পাশাপাশি এগিয়ে এসেছেন নারীরাও। বড় পরিসরে না হলেও ক্ষুদ্র পরিসরে কাজ করছেন তারা।

    টেকনাফে গিয়ে দেখা যায়, সাবরাং, শাহপরীর দ্বীপ ও মেরিন ড্রাইভ সড়কের পাশে গড়ে উঠেছে শুঁটকিপল্লি। এসব পল্লিতে বাঁশের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে মাচা। এসব মাচায় ছোট-বড় সামুদ্রিক মাছ কিনে এনে শুকানো হয়। এর মধ্যে রয়েছে পোপা, ছুরি, শামলা, লইট্টা, পাইচ্চা, ছাপা এবং চিংড়ি মাছ। এগুলো ১০ দিনের মধ্যে পুরোপুরি শুকিয়ে যায়।এরপর হ্নীলা, হোয়াইক্যং, টেকনাফ, কুতুপালং, পালংখালী, কোট বাজার ও কক্সবাজারের শুঁটকির দোকানে বিক্রি করা হয়।

    কম দামে কাঁচা মাছ কিনে শুঁটকি বানিয়ে বিক্রি হয় বেশি দামে।শামলাপুরের ফজল কাদের বাবু বলেন, আমার এখানে সাগরের বিভিন্ন জাতের পোপা মাছ, ছুরি মাছ, পাইচ্চা মাছ, পাতা মাছ ও চিংড়ি মাছ শুকানো হয়। এখানে চার-পাঁচজন লোক কাজ করেন। তারা নিজেদের খরচসহ পরিবারেরও খরচ চালাচ্ছেন। সব মিলিয়ে শুঁটকি মাছে অর্ধ থেকে এক লাখ টাকা পর্যন্ত লাভ হয়।

    শাহপরীর দ্বীপের কবির আহমেদ বলেন, সামুদ্রিক কাঁচা পোপা মাছ ২০০-৩০০ টাকা কেজি দরে কিনে শুকিয়ে শুঁটকি বানাই। এরপর এই শুঁটকি ৫০০-৭০০ টাকায় বিক্রি হয়। এভাবে সামুদ্রিক বিভিন্ন জাতের মাছ কম দামে কিনে শুঁটকি বানিয়ে বেশি দামে বিক্রি করছি। সাত বছর ধরে শুঁটকি বিক্রি করছি। তবে এই কাজে কষ্ট করতে হয়। তবুও হালালভাবে টাকা পাচ্ছি।

    এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, উপকূলীয় অধিকাংশ লোকজন শুঁটকি মাছের ব্যবসা করে লাভবান হচ্ছেন। আমাদের পক্ষ থেকে তাদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়। তারা সামুদ্রিক কাঁচা মাছ সংরক্ষণ করে সপ্তাহ ১০ দিন শুকিয়ে বিক্রি করছেন। এটি ভালো উদ্যোগ।

  • অপারেশন ডেভিল হান্ট’ কীভাবে চলছে, গ্রেপ্তার হচ্ছেন কারা?

    অপারেশন ডেভিল হান্ট’ কীভাবে চলছে, গ্রেপ্তার হচ্ছেন কারা?

    বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের দাবির মুখে শুরু করা ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযানে এখন পর্যন্ত তিন হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে। যৌথ বাহিনীর সমন্বয়ে আলোচিত এ অভিযানের উদ্দেশ্য কী এবং সারাদেশে কারা আটক হচ্ছেন সেটি নিয়ে চলছে আলোচনা, দেখা যাচ্ছে কৌতূহল।

    দেশব্যাপী এ বিশেষ অভিযান শুরুর প্রেক্ষাপট তৈরি হয় গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা এবং ভাঙচুর এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর প্রাণঘাতী আক্রমণ ঘটনায়। ওই হামলায় গুরুতর আহত একজন বুধবার মারা গেছেন।

    চলমান বিশেষ অভিযানে দেশের একক জেলা হিসেবে গাজীপুরেই সবচেয়ে বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। অভিযানের পাঁচ দিনে এ সংখ্যা তিনশ বত্রিশ জন। মঙ্গলবার গাজীপুর আদালত চত্বরে গিয়ে দেখা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের স্বজনরা ভিড় করেছেন। উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে এদের স্বজনদের অনেককে সাদা পোশাক পরিহিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গভীর রাতে আটক করে নিয়ে এসেছে।

    গাজীপুর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মোমিনউদ্দিন ভান্ডারি। সত্তরোর্ধ্ব ওই নেতাকে অভিযানের শুরুতেই আটক করা হয়। স্বজনদের দাবি তিনি ক্যান্সার আক্রান্ত এবং দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন।

    অভিযানে আটক করে আদালতে হাজির করা হলে তাকে দুই দিনের রিমান্ড দেয়া হয়েছে। তার পরিবার বলছে আইনি লড়াই চালানোর ক্ষেত্রেও সমস্যা কারণ হামলার ভয়ে আইনজীবীরা পক্ষে দাঁড়াতে শঙ্কিত।

    “সে পাঁচ বছর ধরে অসুস্থ। বিছনায় পড়া। তার নামটা দিয়া রাখছে। ৭৫-৮০ বছর বয়স সে রাজনীতি, মারামারি কী বুঝবে? তার জান নিয়েইতো টানাটানি। সে কী মারামারি করবে, শুধু আওয়ামী লীগ করার কারণে ধরছে। আমরা চাই যারা অপরাধ করছে তাদের শাস্তি হোক। কিন্তু যারা নিরপরাধ তাদের কেন ধরা হবে, যারা অন্যায় করে নাই তাদের কেন শাস্তি হবে?” প্রশ্ন মি. ভান্ডারির স্বজনদের।

     প্রিজন ভ্যানের পাশে গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন স্বজনরা
    ছবির ক্যাপশান,প্রিজন ভ্যানের পাশে গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন স্বজনরা

    গাজীপুরে পরিচয় গোপন রেখে একজন তরুণী জানান তার মাকেও মধ্যরাতে আটক করা হয়েছে। তিনি দাবি করেন কোনও ধরনের রাজনীতির সঙ্গে তার পরিবার যুক্ত নয়। তবে তাদের বাড়ি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি যে এলাকায় সেখানে।

    তরুণী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা রাতের বেলায় বাড়ি ভাঙচুর করতে গিয়েছিল তাদের কাউকেতো আটক করা হয় নাই। তাদের কোনো দোষ নাই?”

    গাজীপুরে অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বিবিসি বাংলাকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অভিযান চলছে।

    “যেভাবে ইন্সট্রাকশনটা আসছে আমরা সেভাবেই আমাদের কার্যক্রমটা পরিচালনা করছি। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে এরকম যে কেউ হোক সেটা আমাদের গোয়েন্দা তথ্যে আমরা যা পাই আমরা সে অনুযায়ী কাজ করবো,” বলছিলেন মি. সাদেক।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর পর বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে তিন হাজারের বেশি মানুষ গ্রেপ্তার এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। আওয়ামী লীগের দাবি অপারেশন ডেভিল হান্টে তাদের দলীয় নেতাকর্মীরাই প্রধান টার্গেট হয়েছে।

    এ অভিযান প্রসঙ্গে মানবাধিকার কর্মী নূর খান লিটন বিবিসি বাংলাকে বলেন, “যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা বিগত দিনেও স্বৈরাচার সরকারের আমলে যেমন দেখেছি বয়স বিবেচনা করা হয়নি, তারপর শারীরিক অসুস্থতা বিবেচনা করা হয়নি। ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে এরকম অভিযোগও কিন্তু পাওয়া যাচ্ছে। এটি কোনোভাবে কাম্য না।”

  • বাংলাদেশে পালাবদলে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের’ ভূমিকা নিয়ে প্রশ্ন, নাকচ করলেন ট্রাম্প

    বাংলাদেশে পালাবদলে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের’ ভূমিকা নিয়ে প্রশ্ন, নাকচ করলেন ট্রাম্প

    বাংলাদেশে ক্ষমতার পালাবদলে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের’ ভূমিকার বিষয়ে নানা আলোচনা যে রয়েছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই।”

    নরেন্দ্র মোদীর দুই দিনের ওয়াশিংটন সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়।

    ভারতের প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, শুল্ক, ভিসানীতি, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে।

    ট্রাম্প-মোদীর বৈঠকে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের প্রসঙ্গ উঠতে পারে–– এমনটা ধারণা করা হচ্ছিলো।

    বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তাকে আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ। একইসঙ্গে তাকে ফেরত পাঠানোর দাবিও জোরালো করা হয়েছে।

    আওয়ামী লীগের শাসনের পতনের পর বাংলাদেশে সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়। এই সম্পর্কে উন্নতির কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

    এমন প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়।

    ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করে বসেন ভারতীয় এক সাংবাদিক। তার প্রশ্নেই ছিল বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের’ ভূমিকার প্রসঙ্গ।

    বাংলাদেশ নিয়ে কী বলেছেন ট্রাম্প?

    যৌথ সংবাদ সম্মেলনে ডিপ স্টেটের প্রসঙ্গ টেনে ভারতের ওই সাংবাদিক প্রথমে নরেন্দ্র মোদীর কাছে হিন্দিতে জানতে চান, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ভারতের ভূমিকার বিষয়ে। এরপর ট্রাম্পের উদ্দেশে ইংরেজিতে প্রশ্ন করেন তিনি।

    এরপর ওই সাংবাদিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে প্রশ্ন রাখেন, “আপনি বাংলাদেশ বিষয়ে কী বলতে চান? কেননা আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে, বাইডেন প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ক্ষমতার পরিবর্তনে জড়িত ছিল; এরপর জুনিয়র সরোসের ((মার্কিন বিনিয়োগকারী এবং বিশ্বের বিভিন্ন স্থানে রাজনৈতিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে) সঙ্গে বৈঠক করেছেন মুহাম্মদ ইউনূস। সুতরাং বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী?”

    এর জবাবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা সরাসরি নাকচ করে দেন ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন, “সেখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটা বিষয়- যেখানে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) দীর্ঘদিন ধরে কাজ করছেন।”

    এরপর নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, স্পষ্ট করে বললে, ভারত সেখানে শতশত বছর ধরে কাজ করেছে, আর সেসব বিষয় তিনি পড়েছেন।”তবে বাংলাদেশের বিষয় আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেব,” বলে ভারতের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে বলার জন্য ইশারা দেন ট্রাম্প।এরপর নরেন্দ্র মোদী জবাব দিতে গিয়ে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরলেও বাংলাদেশ বিষয়ে কোনো কথা বলেননি।

    পরে সাংবাদিকরা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে যা বলতে পারি সেটা হলো, এ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।””বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং ভারত এই পরিস্থিতিকে যেভাবে দেখছে সে বিষয়ে প্রধানমন্ত্রী তার মতামত ও উদ্বেগের কথা (ডোনাল্ড ট্রাম্পকে) জানিয়েছেন।”

    বিষয়টাকে আরও ব্যাখ্যা করে তিনি যোগ করেন, “আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি সেই দিকে এগিয়ে যাবে, যেখানে তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে পারব। তবে সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। আর প্রধানমন্ত্রী সেই সংক্রান্ত মতামতই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিয়েছেন।”

    প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ‘ডিপ স্টেট’ বলতে ছায়া রাষ্ট্রকে বোঝানো হয়। এটাকে সাধারণত সরকারি কর্মকর্তা ও বেসরকারি প্রভাবশালী ব্যক্তি-প্রতিষ্ঠানের কথিত গোপন নেটওয়ার্কও মনে করা হয়।এই নেটওয়ার্কে এফবিআই এবং সিআইএ’র কর্মকর্তারাও থাকেন।রাজনৈতিক সরকারের সমান্তরালে নিজেদের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে স্বাধীনভাবে এই নেটওয়ার্ক কাজ করার চেষ্টা করে থাকে।

  • ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, আমরা সব সময় প্রস্তুত

    ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, আমরা সব সময় প্রস্তুত

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিভ্রান্তিমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশা আল্লাহ।’

    আজ শুক্রবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আব্বাস এ কথাগুলো বলেন।

    সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের কিংবা সুযোগসন্ধানী কিছু লোক এ সময়ে দলের নতুন করে সদস্য হওয়া চেষ্টা করবেন। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি।

    দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই এবং এরা এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা করছে।’

    অপারেশন ডেভিল হান্ট নিয়েও কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘কয়েক দিন আগে অভিযান শুরু হয়েছে ভালো। কিন্তু হাতের সামনে যে ডেভিলরা রয়ে গেছে, তাদের ধরছেন না কেন?’

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, শিল্পবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে সৌদিতে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন

    ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে সৌদিতে বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠক হতে পারে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতে। এই আলোচনা সম্পর্কে অবগত রাশিয়ার দুই কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

    এর আগে ট্রাম্প বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান এবং পুতিনের সঙ্গে বৈঠক করতে তিনি প্রস্তুত। এদিকে নির্বাচনে জয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পুতিনএকই সঙ্গে তিনি ইউক্রেন ও জ্বালানি নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

    রুশ কর্মকর্তারা বরাবরই ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপের প্রস্তুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার কথা অস্বীকার করে আসছেন।কারণ কিছু কূটনীতিক ও গোয়েন্দা কর্মকর্তা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক ও নিরাপত্তা সম্পর্ক থাকার দিকে আঙুল তুলেছেন।

    এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ক্রেমলিনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

    সম্প্রতি রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, সৌদি আরব কিংবা আমিরাতে বৈঠক করার বিষয়ে রাশিয়ায় এখনো বিরোধিতা রয়েছে।

  • দেশি-বিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

    দেশি-বিদেশি গণমাধ্যম নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

    দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে দুপুর আড়াইটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

    গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়। এর আগে, গত ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন, প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছে। সেই বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। গুম করে বন্দিদের যেখানে রাখা হতো তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত। কমিশনের সদস্যদের আহ্বানেই সেসব স্থাপনা পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকার প্রধান।

    অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে ২০০৯ সাল থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬০৫ জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল। অন্য আরেকটি তথ্যে বলা হয়েছে, ২০১৪ থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে ৩৪৪ জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় ৪০ জনকে। আর ৬৬ জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে।

    যেসব ব্যক্তি দীর্ঘদিন গুম থাকার পর ফিরে এসেছেন, তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেছেন। ধারণা করা হয়, এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে। অভিযোগ রয়েছে, আয়নাঘরেই বন্দি ছিলেন, অধ্যাপক মোবাশার হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা ও মীর আহমদ বিন কাসেমসহ অনেকে।

    উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ‘বিশেষ’ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান ‘আয়নাঘর’ নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা।