দুর্নীতির অভিযোগে ইউএনও ও মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মানববন্ধন

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী এবং মুরারীপুর দাখিল মাদ্রাসার সুপার নুর আহম্মদের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ লেনদেনের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

অভিযোগ উঠেছে, ইউএনও ফজলে এলাহী ও মাদ্রাসা সুপারের যোগসাজশে ৫০ লাখ টাকা উৎকোচের বিনিময়ে বিধি বহির্ভূতভাবে তিনটি পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সহকারী সুপারিন্টেন্ডেন্ট, নিরাপত্তা প্রহরি এবং আয়া পদে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ। এ ঘটনায় সংশ্লিষ্ট ১১ জনের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে, যার পরবর্তী শুনানি আগামী ৩ মার্চ ২০২৫ ধার্য করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি সকালে মুরারীপুর বাজার মাদ্রাসা রোডে এলাকাবাসী ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ভুয়া নিয়োগ বাতিল, ইউএনও এবং মাদ্রাসা সুপারের শাস্তি নিশ্চিত করা এবং তাদের দ্রুত অপসারণ।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। ইতোমধ্যেই উপজেলায় শিক্ষাঙ্গনে অস্থিরতা, অসন্তোষ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে।

এর আগেও, গত ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত করে শিক্ষক, কর্মচারী এবং ছাত্র-জনতা বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছিলেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের আশ্বাসে সাড়ে চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত ইউএনও ফজলে এলাহী এবং মাদ্রাসা সুপার নুর আহম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফোনেও একাধিকবার চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *