আসিয়া আফরিন চৌধুরী
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেছে, যা শহরের বিভিন্ন এলাকা বিশেষ করে টঙ্গী, উত্তরা, বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় বেশি লক্ষ্য করা যায়। ঘন কুয়াশার কারণে রাস্তায় যানবাহন চলাচল করতে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, শীতের তীব্রতার সঙ্গে কুয়াশার কারণে রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে, দূরের কিছু জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসলেও শীতের অনুভূতি আগের চেয়ে আরও তীব্র হয়েছে।
অধিকাংশ মানুষ জানাচ্ছেন, গতকাল (বুধবার) থেকেই সূর্যের তাপ না থাকায় শীতের প্রকোপ বেড়েছে এবং আজকের কুয়াশা সেই পরিস্থিতিকে আরও তীব্র করেছে। যাত্রীরা এই পরিস্থিতিতে সাবধানে গাড়ি চালাচ্ছেন এবং কর্মস্থলে পৌঁছানোর জন্য কিছুটা বিলম্বিত হচ্ছেন।
এ পরিস্থিতি চলতে থাকলে শহরের নিত্যদিনের কার্যক্রমেও কিছুটা অসুবিধা হতে পারে, বিশেষত ভোরে স্কুলগামী শিশু এবং অফিসগামী মানুষের জন্য।

কৃষককন্ঠ ডেস্ক 








