কৃষি তথ্য উদ্যোক্তা সম্মেলন ২০২৫: কৃষক বান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সফল সমাবেশ

কৃষি খাতকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে এবং কৃষকদের উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘কৃষি তথ্য উদ্যোক্তা সম্মেলন ২০২৫’। দৈনিক কৃষক কণ্ঠ কর্তৃক আয়োজিত এ সম্মেলনটি অনুষ্ঠিত হয় পদক্ষেপ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট-এ, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষি উদ্যোক্তা, সাংবাদিক, সিডস ও পেস্টিসাইড ব্যবসায়ী, মালিক এবং কৃষি কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে কৃষি খাতের উন্নয়ন ও জেলা-ভিত্তিক কৃষকদের সুবিধার জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা হয়। জেলা ও বিভাগীয় পর্যায়ে কৃষি উদ্যোক্তা সম্মেলন বাস্তবায়নে কী করণীয় তা নির্ধারণ করতে এবং একটি শক্তিশালী পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা কৃষকদের উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে  আলোচক হিসেবে পদ্মা এগ্রিকেয়ার-এর ব্যবস্থাপক সুলতান হুসাইন বলেন, ‘কৃষকদের সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে। তাঁদের সমস্যাগুলো সমাধান করতে পারলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।’

কৃষি উদ্যোক্তা হামিদ বলেন, ‘কৃষকদের প্রাধান্য দিয়েই সম্মেলন ও কমিটি গঠন করা উচিত। পাশাপাশি, প্রতি জেলায় কৃষি মেলার আয়োজন করা হলে কৃষকদের সাথে আরও নিবিড়ভাবে কাজ করা সম্ভব হবে।’

রিকো এগ্রোভেট-এর জেনারেল ম্যানেজার মোঃ রায়হানুল হাসান রাজীব কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেন। গোয়েন্দা ডায়েরি-র নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী এবং দৈনিক ক্রাইম ডায়েরি-র সিনিয়র রিপোর্টার আলাউদ্দিন সোহেল কৃষি খাতের তথ্যপ্রবাহ নিশ্চিত করার জন্য মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনের সভাপতি ডা. এ কে এম খাইরুল বাশার বলেন, ‘কৃষি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা, প্রশিক্ষণ এবং তথ্যসেবা প্রদান জরুরি। এই সম্মেলনের মাধ্যমে আমরা কৃষি উদ্যোক্তাদের আরও সুসংগঠিত করার পরিকল্পনা করছি, যাতে কৃষকদের জন্য আরও কার্যকরী উদ্যোগ নেওয়া যায়।’

বক্তারা কৃষকদের দোরগোড়ায় তথ্য ও প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমে কৃষি বান্ধব বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুসারে, প্রতি জেলায় কৃষি মেলা আয়োজনের পরিকল্পনা, কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

সম্মেলনে উপস্থিত কৃষি উদ্যোক্তা, সাংবাদিক, ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এই ধরণের উদ্যোগ কৃষি খাতে বিপ্লব ঘটাতে পারে। কৃষকরা যাতে সরাসরি উপকৃত হতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন কার্যকরী পরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়।

‘কৃষি তথ্য উদ্যোক্তা সম্মেলন ২০২৫’ কৃষকদের জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কৃষি উদ্যোক্তারা আশা করছেন, ভবিষ্যতে এই ধরনের আয়োজনের মাধ্যমে কৃষি খাতে আরও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *