আসিয়া আফরিন চৌধুরী
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই তালিকায় শহীদ ব্যক্তির সংখ্যা ৮২৬ জন এবং আহতের সংখ্যা ১১ হাজার ৩০৬ জন। তবে, বিশেষ সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তালিকাটি এখনো চলমান রয়েছে এবং আরও নাম যোগ করা হতে পারে।
এই তালিকায় যারা অন্তর্ভুক্ত হতে পারেননি, তারা ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আবেদনকারীদের অবশ্যই কিছু নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মুঠোফোন নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং অন্যান্য উপযুক্ত কাগজপত্র সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের দলনেতার কাছে আবেদন করতে হবে।
বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম জানিয়েছেন, এই তালিকা প্রকাশের পরও কিছু নাম যাচাই-বাছাই করা হচ্ছে এবং পরবর্তী সময়ের মধ্যে তা তালিকাভুক্ত হতে পারে। ২০২৪ সালের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হওয়া ব্যক্তির সংখ্যা গণনা করে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এই তালিকা নিয়ে আরও কোনো সংশোধন বা আপত্তি থাকলে ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে, যাতে এদের নামও তালিকাভুক্ত করা সম্ভব হয়।

কৃষককন্ঠ ডেস্ক 









