বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, যেকোনো ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকারের কথা তুলে ধরেছে সংস্থাটি।
সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান। ওই সাংবাদিকের বক্তব্যে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সমর্থকেরা ব্যাংকটির এক ডজনের বেশি শাখায় হামলা চালিয়েছেন।
প্রশ্নে আরও বলা হয়, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বও দিয়েছিলেন। তাঁর প্রতি ক্ষোভ থেকে ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে কি না, তা জানতে চান সাংবাদিক।
জবাবে ফারহান হক বলেন, ‘আমরা মনে করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।’
বিক্ষোভ ও প্রতিবাদের অধিকার প্রসঙ্গে জাতিসংঘের অবস্থানও স্পষ্ট করেন উপমুখপাত্র। তিনি বলেন, ‘বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে বলে আমরা অবশ্যই মনে করি। তবে আমরা জোর দিয়ে বলতে চাই, যেকোনো প্রতিবাদই শান্তিপূর্ণ হতে হবে।’
এদিকে, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ব্যাংকটির এক বিবৃতিতে বলা হয়েছে, ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২০টি শাখায় অগ্নিসংযোগ অথবা অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুর।
ব্যাংক কর্তৃপক্ষ এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত, দায়ীদের শনাক্ত এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি দেশজুড়ে ব্যাংকের শাখা, কর্মী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

কৃষককন্ঠ ডেস্ক 






















