গভীর রাতে পাবনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
জেলা প্রতিনিধি পাবনা
ডিবি পুলিশ পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানকে গ্রেফতার করেছে। গত শুক্রবার (২৪ মে) রাত ১২টার দিকে দোগাছী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাঁকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাবনা সদর থানায় হস্তান্তর করেন।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আহমেদ তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় দোগাছী ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সুলতান মাহমুদ খান একাধিক মামলার আসামি বিষয়টি পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে। আর ঐ গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাকে গত রাতে গ্রেফতার করা হয়েছে।
ভাঁড়ারা ইউনিয়ন রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাতি আছে। গত ২০২১ সালের ইউপি নির্বাচনের ঠিক ১৫ দিন আগে ১১ ডিসেম্বর দুই স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান ও ইয়াসিন আলমের সমর্থকদের সংঘর্ষ হয়। ঐ নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন তৎকালীন চেয়ারম্যান আবু সাঈদ খান। দুই পক্ষের সংঘর্ষের সময় স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলম নিহত হন। নৌকার প্রার্থী এবং টানা ২৫ বছরের চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদ ২০২২ সালের ১৫ জুন ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হন। আবু সাঈদ খান এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। বর্তমান চেয়ারম্যান মোশারোফ হোসেনের পক্ষে মো. সুলতান মাহমুদ উপজেলা নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন।
গ্রেফতারের বিষয়ে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারোফ হোসেন পাশাপাশি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সাাঁড়া মেলেনি।

কৃষককন্ঠ ডেস্ক 








