নিজস্ব সংবাদদাতা
জমি নিয়ে বিরোধে খুন কৃষক, শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ায় গতকাল জমি নিয়ে বিরোধে খুন কৃষক ছামেদুল হক কেনা (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ছামেদুল হক কেনা শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়ার মৃত সায়েদ আলী মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়ার ছামেদুল হক কেনার সঙ্গে প্রতিবেশী হারুন ও সিদ্দিক খলিফার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল ওই বিরোধপূর্ণ জমিতে কলাগাছ লাগাতে যায় সিদ্দিক ও তার লোকজন। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন ছামেদুল হক কেনার ওপর হামলা চালায়। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে পারভেজসহ তিনজন আহত হয়।
কর্তব্যরত ডাক্তার আহসানুল মতিন সৈকত জানান, ছামেদুল হক কেনা হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. খাইরুল ইসলাম জানান, দুপুরের পরে কেনার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ওসি এমদাদুল হক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি অব্যাহত আছে।

কৃষককন্ঠ ডেস্ক 








