যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠক হতে পারে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতে। এই আলোচনা সম্পর্কে অবগত রাশিয়ার দুই কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
এর আগে ট্রাম্প বলেছেন, তিনি যত দ্রুত সম্ভব রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান এবং পুতিনের সঙ্গে বৈঠক করতে তিনি প্রস্তুত। এদিকে নির্বাচনে জয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পুতিনএকই সঙ্গে তিনি ইউক্রেন ও জ্বালানি নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।
রুশ কর্মকর্তারা বরাবরই ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপের প্রস্তুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার কথা অস্বীকার করে আসছেন।কারণ কিছু কূটনীতিক ও গোয়েন্দা কর্মকর্তা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক ও নিরাপত্তা সম্পর্ক থাকার দিকে আঙুল তুলেছেন।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ক্রেমলিনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সম্প্রতি রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, সৌদি আরব কিংবা আমিরাতে বৈঠক করার বিষয়ে রাশিয়ায় এখনো বিরোধিতা রয়েছে।

কৃষককন্ঠ ডেস্ক 









